প্রিন্ট এর তারিখঃ Aug 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2026 ইং
জলঢাকায় খুটামারা রহমানীয়া উচ্চ বিদ্যালয়ে মনগড়া কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন

মোহাম্মদ কফিলুর রহমান (বিভাগীয় প্রধান,রংপুর):নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা রহমানীয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আওয়ামী দোসর মোঃ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মনগড়া ও বহিরাগতদের নিয়ে অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠন, অনিয়ম এবং ব্যাপক দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় চৌপুতি বাজারে ‘খুটামারা রহমানীয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর’ যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোসফেকুর রহমান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন খুটামারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক রায়হান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রেজাউল করিম এবং উপজেলা তরুণদলের যুগ্ম আহ্বায়ক লাবলুর রহমান। এছাড়া অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোছাঃ পেয়ারা আক্তার, মিলি বেগম ও নুর বানু বেগমসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ক্ষমতার অপব্যবহার করে সাধারণ অভিভাবক ও স্থানীয়দের মতামত তোয়াক্কা না করে মনগড়া ও বহিরাগত ব্যক্তিদের দিয়ে পকেট কমিটি গঠন করেছেন। তাঁর এই অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যালয়ের সার্বিক শিক্ষাব্যবস্থা ও সুষ্ঠু পরিবেশ ধ্বংসের মুখে পড়েছে। বক্তারা অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক উপায়ে নতুন ম্যানেজিং কমিটি গঠনের জোর দাবি জানান।
উক্ত মানববন্ধনে বিদ্যালয়ের শতাধিক অভিভাবক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী অংশ নিয়ে দ্রুত এই অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪